Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনী প্রধান

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।


এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


জানা গেছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।


দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। গত ২৩ নভেম্বর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা সংকটাপন্ন।


মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী। স্বাস্থ্যের সর্বশেষ তথ্য জানাতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।


গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া নিয়মিত চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছেন। সবাই ধৈর্য ধরুন, কেউ গুজব ছড়াবেন না।’


তিনি আরও জানান, মঙ্গলবারই যুক্তরাজ্য থেকে একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে। তারা যদি বিদেশে নেওয়ার পরামর্শ দেন, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করে সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ